কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের সুরুজ মিয়ার (৬০) ছেলে মো. পাবেলকে (২৫) আটক করে ব্যাপক মারধর করে মুক্তিপণ চায় একটি চক্র। এমন খবরে স্ট্রোক করে মারা যান সুরুজ মিয়া। পড়ে পরিবারের পক্ষে ৫০ হাজার টাকা দিলে চক্রটি পাভেলকে ছেড়ে দেওয়া হয়।
রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, 'পাবেল রবিবার দুপুরে গৌরীপুর বাজারে কবুতর কিনতে যান। বাজারে পৌঁছালেই গৌরীপুর বাজারে একটি চক্র তাকে টার্গেট করে। কিছুক্ষণ পড় ওই চক্রটি সুযোগ বুঝে তাকে মারধর করে হাত-পা-চোখ বেধে কোন এক গলির বিল্ডিং এ নিয়ে যায়। পরে পাভেলের ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। ছেলের এমন সংবাদে পাভেলের বাবা স্ট্রোক করলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাবেলকে মারধরের ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন "ভাই তোরা কি মানুষ? এমন নিরীহ মানুষদের সাথে কেউ এইরকম করে? আজ তোদের কারণে একটা মানুষের জীবন শেষ।
পাভেলের মামাতো ভাই মো. কাইয়ূম বলেন, পাবেল একজন সহজ-সরল ছেলে। চক্রতলা বাজারে তার বাবার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করেন। তার শত্রু কেউ আছে বলে আমার জানা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাই ঘটনাটি উদ্ঘাটন করে চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।
লিটন/মেহেদী/