মাগুরার মহম্মদপুর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে নিত্যপণ্যের দোকান ও ফার্মেসিগুলোতে তদারকি চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায় ভোক্তা অধিকার।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানে নেতৃত্ব দেন। এদিন প্রথমে মহম্মদপুর বাজারের মেসার্স মোল্লা স্টোর নামের একটি মুদির দোকানে অভিযান চালানো হয়। দোকানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করা, বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত পণ্য বিক্রির অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর মেসার্স রাজু ফার্মা নামের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রি নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ জব্দ করা হয়। এ সময় ফার্মেসির মালিক সৈয়দ আবদুল্লাহ ফারুককে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অন্য দোকানে তদারকির সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা, মূল্যতালিকা প্রদর্শন ও বেচাকেনার ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায়, সে বিষয়েও ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মহম্মদপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।