সিলেট সদর উপজেলায় দুটি অভিযানে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট সদর উপজেলার ধোপগুল ও মহালদিক গ্রাম মিলিয়ে অভিযান পরিচালনা করে এই পাথর উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী ও প্রশাসনের অন্যান্য সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, উদ্ধারকৃত পাথরগুলো সাদাপাথর পর্যটন স্পট ও আশেপাশের এলাকা থেকে সম্প্রতি লুট করা হয়েছিল। পাথর উদ্ধারের পাশাপাশি যেসব বাড়িতে পাথর পাওয়া যাচ্ছে সেসব বাড়ির মালিকদের নাম লিখে নিচ্ছে প্রশাসন। তাছাড়া, যেসব ক্রাশার মিলে পাথর পাওয়া গেছে সেসব মিল মালিকদের নামে নিয়মিত মামলা করছেন।
অভিযান শেষে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত খবরের কাগজকে বলেন, সকাল ১০টা থেকে আমরা ধোপাগুলে অভিযান শুরু করি। এসময় দুই অভিযানে আমরা ধোপগুল পয়েন্ট থেকে ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করি। এবং মহালদিক গ্রাম প্রায় প্রতিটি বাড়িতেই দেখেছি ছোট ছোট স্তুপ আকারে পাথর রাখা ছিল। ধোপগুল ও মহালদিক গ্রাম মিলিয়ে আমরা ধারণা করছি আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, আমরা পাথর উদ্ধারের পাশাপাশি বাড়ির মালিকদের নাম নিচ্ছি। যেসব ক্রাশার মিলে পাথর পাওয়া গেছে সেসব মিল মালিকদের নাম নিয়েছি। তাদের নামে নিয়মিত মামলা করা হবে। পাথর উদ্ধারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি। আর বাড়িগুলোতে আমরা বেশিরভাগ বয়স্ক নারী ও বাচ্চাদের পেয়েছি।
মৌসুমী/অমিয়/