জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ আগস্ট) ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, ‘গাছটিকে সযত্নে আমানতের মতো লালন করতে হবে। আজকের এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের আজীবনের স্মৃতি হয়ে থাকবে।’ বৃক্ষরোপনের জন্য ধামরাই উপজেলার একটি গ্রামকে বেছে নেওয়ার জন্য তিনি জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।
ছবি: খবরের কাগজ
অনুষ্ঠানে এলাকার প্রতিনিধি হিসেবে মো. ওয়াহিদুজ্জামান ছয়বাড়িয়া গ্রামের প্রধান রাস্তার দীর্ঘদিনের সমস্যা ও গ্রামবাসীর অবর্ণনীয় ভোগান্তি ও দুঃখ-কষ্টের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউএনও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং দ্রুততম সময়ে রাস্তার কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, অল্প দিনের মধ্যেই ছয়বাড়িয়া গ্রামের প্রধান রাস্তা এলাকাবাসী চলাচলের জন উপযোগী হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়, যাতে তারা নিজ নিজ আঙিনায় তা রোপণ করতে পারে। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীককে ছয়বাড়িয়া জাগরণী সংঘের বেহাল অবস্থা দেখান ছয়বাড়িয়া গ্রামের বাসিন্দা মো. আরিফ উদ্দিন, মো. ওয়াহিদুজ্জামান ও হুমায়ুন আহমেদ রোমান। ছয়বাড়িয়া জাগরণী সংঘের পক্ষ থেকে আবেদন করা হলে তিনি ছয়বাড়িয়া জাগরণী সংঘকেও বরাদ্দ দেওয়ার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনিছুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ, সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী আরিফুর রহমান (রোমান), ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ উদ্দিন এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (গণমাধ্যম ও জনসংযোগ) ও আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা (গ্রন্থাগারিক) মো. আব্দুস সালাম, আরবান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মাহাবুব আলম রাসেল, অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি শফিকুল ইসলামসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী শিক্ষকরা পুরো আয়োজন জুড়ে সহযোগিতা করেন।
এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ছিল সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড।
মো. রুহুল আমিন/মাহফুজ