মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ উল্লাহ্ (৪২) নামে এক মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ্ পজেলার চরকাটারী গ্রামের বাসিন্দা। তিনি শিবালয় উপজেলার নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসার শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, বলাৎকারের শিকার ওই শিক্ষার্থী ওই মাদরাসায় থেকেই লেখাপড়া করে। রবিবার রাতের খাওয়া শেষে শিশুটি ঘুমিয়ে পরে। রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদ উল্লাহ তাকে ঘুম থেকে ডেকে তার রুমে নিয়ে বলাৎকার করেন। এ ব্যাপারে কাউকে কিছু জানালে মাদরাসা থেকে বের করে দেওয়া হবে। সেই সঙ্গে আরও ভয়ভীতি দেখায়। ঘটনার পরদিন সোমবার কাউকে কিছু না বলে ওই ছেলে বাড়িতে চলে আসে এবং অসুস্থ্য হয়ে পড়ে। শিশুর মা তার অসুস্থতার কারণ জিজ্ঞাসা করলে ঘটনাটি জানায়।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘ঘটনা জানার পরপরই আমার স্ত্রী আমাকে জানায়। আমি সঙ্গে সঙ্গে ঢাকা থেকে চলে আসি। আমার আত্মীয়-স্বজন ও স্থানীয়দের বিষয়টি জানাই এবং মাদরাসায় গিয়ে মোহাম্মদ উল্লাহ্কে আটক করে পুলিশে খবর দিই। পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে আমি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করি।’
তিনি আরও বলেন, ‘প্রায় ৬ মাস ধরে বিভিন্ন সময় আমার ছেলেকে নির্যাতন করে আসছেন এই শিক্ষক। সে ভয়ে এ বিষয়ে কাউকে কিছু বলেনি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবার মাদরাসায় গিয়ে মোহাম্মদ উল্লাহ্কে আটক করে আমাদের খবর দেয়। সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ দেন। তাকে মামলা দিয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আসাদ/রিফাত/