চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাদিয়া সোলতানা আলফি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মিজানুর রহমান রিদুয়ানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বরকল ইউনিয়নের পূর্ব কানাইমাদারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া সোলতানা আলফি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার বশর মেম্বারের বাড়ি এলাকার মো. শহিদুল্লার মেয়ে।
জানা গেছে, আরফির স্বামী একজন মানসিক ভারসাম্যহীন। রাতে তিনি স্ত্রীকে গলাটিপে হত্যা করে মরদেহ বাথরুমে ঢুকিয়ে রাখেন। সকালে ঘরের দরজা খুলতে দেরি হওয়ার কারণে পরিবারের লোকজন ঘরের দরজা
ভেঙে ঢুকে দেখে আরফির মরদেহ বাথরুমে পড়ে আছে।
গৃহবধূ আরফির মামা নাজিম উদ্দীন বলেন, বিগত এক দেড় মাস আগে ব্যবসা করার জন্য শ্বশুরের কাছে রিদুয়ান ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় আরফির ওপর নির্যাতন শুরু করে। ঘটনার দিন রাতে আমার ভাগনিকে মেরে বাথরুমে ডুকিয়ে রাখে। খবর পেয়ে আমরা সকালে সেখানে গেলে ঘাতক রিদুয়ান ঘুমে ছিল। আমাদের উপস্থিতির খবর পেয়ে সে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার ভাগনির লাশ বাথরুম থেকে টেনে বের করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার খবরের কাগজকে বলেন, গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।
ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
আরিফুল/মেহেদী/