নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রাম গোপালপুর এলাকায় বিয়ের ১৪ বছর পর স্ত্রীর যৌতুক মামলায় কাশিম উদ্দীন (৩২) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই দম্পত্তির ৩টি ছেলে রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালত এই আদেশ দেন।
কাশিম উদ্দীন পেশায় একজন রাজমিস্ত্রী। নাটোর র্যাব অফিস এবং সিংড়া থানার পুলিশ মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী শাকিলা খাতুন শরিফাকে মারপিট ও নির্যাতন করতেন কাশিম। এ নিয়ে তাদের দীর্ঘ মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর বিকেলে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর মাথায় রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত স্টিলের পাট্টা দিয়ে মাথায় আঘাত করে কাশিম। এ সময় শাকিলা খাতুনের মাথার ডান পাশে কেটে রক্ত পড়তে থাকে। এরপর স্বজনরা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে ভুক্তভোগী ১২ সেপ্টেম্বর বিকেলে সিংড়া থানায় মামলা করেন। মামলার পর আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে চালান দিলে আসামিকে কারাগারে পাঠান আদালত।
কামাল মৃধা/সুমন/