সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি ইউনিয়ন পরিষদে সেবা না পেয়ে চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ সেবাপ্রার্থীরা।
রবিবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। বিষয়টিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকারের বিরুদ্ধে নানা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের ১২ সদস্যের মধ্যে ১০ জন তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। এছাড়া সরকার পরিবর্তনের পর থেকে চেয়ারম্যান নিয়মিত অফিসে না আসায় ইউনিয়নবাসী বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগ রয়েছে, চেয়ারম্যান দীপংকর কুমার সরকার নামমাত্র কাজ করে সরকারি প্রকল্পের অধিকাংশ অর্থ আত্মসাৎ করেছেন। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর থেকে তিনি নিয়মিত পরিষদে আসছেন না। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হলে তিনি তার ঘনিষ্ঠ লোকজন দিয়ে প্রয়োজনীয় ফাইলপত্র গোপনে সরানোর চেষ্টা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও সুবীর কুমার জানান, অর্থের বিনিময়ে মিথ্যা ওয়ারিশ সনদ প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক অনিয়ম, খাল খননে অনিয়ম, বরাদ্দকৃত অর্থের হিসেবে গরমিল, কাবিখা-কাবিটা প্রকল্পে সদস্যদের বঞ্চিত করা, ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এসব কারণে তারা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায় বলেন, 'চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিষদের কক্ষে তালা দেওয়ার বিষয়টিও আমি জেনেছি।'
এদিকে দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস সালাম জানান, ইউএনওর চিঠির প্রেক্ষিতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তাকে জবাব দিতে হবে।
নাজমুল শাহাদাৎ/রিফাত/