অনলাইনে নিরাপদ পরিবেশ তৈরি করতে সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা এবং আইনি সহায়তার গুরুত্ব নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী কর্মশালা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহযোগিতায় গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস: বিদ্যমান প্রযুক্তিগত ও আইনি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ’ শীর্ষক এ কর্মশালা হয়। দোলা মহিলা উন্নয়ন সংস্থা এটি আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘ডিজিটাল যুগে নারী ও শিশুদের নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গবেষণার মাধ্যমে এর কার্যকর সমাধান খুঁজে বের করা সময়ের দাবি। নারী ও শিশুদের জন্য সাইবারস্পেসকে নিরাপদ করা আমাদের সবার দায়িত্ব। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।’
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরএমপির উপপুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, রাজশাহী বারের সাধারণ সম্পাদক জমশেদ আলী, দোলা মহিলা উন্নয়ন সংস্থার ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. শহিদুল্লাহ আনসারী এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রওনক আরা পারভীন। কর্মশালাটি সঞ্চালনা করেন দোলা মহিলা উন্নয়ন সংস্থার রিসার্চ টিম লিডার মোহাম্মদ বেলাল উদ্দিন এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।