মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজে সৌন্দর্যবর্ধনের কাজের আড়ালে বহু বছরের পুরনো গাছ কেটে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘মুভমেন্ট ফর নেচার’।
সোমবার (১৩ অক্টোবর) সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কলেজের দক্ষিণ-পশ্চিম কোণে ২০০৪ সালে রোপণ করা ২১ বছরের পুরনো গাছগুলো সম্প্রতি কেটে ফেলা হয়েছে। এই গাছগুলো কলেজের সবুজ পরিবেশ, ছায়া ও সৌন্দর্যের উৎস ছিল। সংগঠনটির মতে, সৌন্দর্যবর্ধনের নামে গাছ কাটা একটি পরিবেশ অপরাধ, যা কলেজের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে।
‘মুভমেন্ট ফর নেচার’-এর আহ্বায়ক এম আর লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাছ বাতাস পরিশুদ্ধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কয়েকটি বড় গাছ কেটে ফেলা মানে পুরো এলাকার জলবায়ু ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলা।
সংগঠনটি তিন দফা দাবি জানিয়েছে, ১. গাছ কাটার ঘটনার তদন্ত করতে হবে। ২. দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ৩. একই স্থানে নতুন গাছ লাগিয়ে ক্ষতি পুষিয়ে দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রকৃতি আমাদের জীবনের অংশ। গাছ কাটা মানে ভবিষ্যৎ প্রজন্মের শ্বাস কেটে ফেলা।’ সংগঠনটি সচেতন নাগরিক, শিক্ষক ও শিক্ষার্থীদের দেবেন্দ্র কলেজের সবুজ ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আহ্বায়ক এম আর লিটন, যুগ্ম আহ্বায়ক মামুন আকন্দ ও মো. মানিক, সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং কার্যনির্বাহী সদস্য মো. সজিব উদ্দীন, শুভ চন্দ্র শীল ও কানিজ ফাতিমা।
সুমন/