ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা? আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ কুষ্টিয়ার মিরপুরে গায়েবি প্রকল্পে অর্থ তছরুপ রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার উপসচিব হলেই আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করছে: টুখেল বাজেট ঘোষণার পর ঊর্ধ্বমুখী রডের বাজার ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবাধিকার কমিশন আইন সংশোধনের দাবি ‘মেসির মতো আর কেউ আসবে না’ বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে, পিছিয়ে কর্মসংস্থানে সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে ২৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সহযোগিতার নতুন দিগন্তে ঢাকা-কুয়ালালামপুর আমাদের স্যার শেয়ারবাজারে ঢালাও দরপতন

সোনারগাঁয়ে তিনদিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শুরু

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৪ এএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
সোনারগাঁয়ে তিনদিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব শুরু
ছবি: খবরের কাগজ

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন তিনদিনব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব আয়োজন করেছে। 

বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ার নিচ তলায় এ উৎসবের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জুলাই শহিদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমদ। 

সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একে আজাদ সরকারের সভাপতিত্বে ও রেজিষ্ট্রেশন কর্মকর্তা একেএম মোজাম্মিল হকের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন কনজারভেশন অফিসার নাসিব ইসলাম অভি, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো.সাখাওয়াত হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে লালন মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ১০জন কারুশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিপণনের জন্য। 

এ ছাড়া তারুণ্যের উৎসবে থাকবে আলোচনা। লালন মেলায় প্রতিদিন পরিবেশিত হবে দেশের স্বনামধন্য কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত। 

অনুষ্ঠান চলবে আগামী ১৯ অক্টোবর ২০২৫ রবিবার বিকেল ৫টা পর্যন্ত।

ইমরান হোসেন/সুমন/ 

দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:০৭ এএম
দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দিনাজপুর শহরের তিনটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মোট তিন লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) শহরের বিভিন্ন খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।

অভিযানে সদর উপজেলার দিলশাদ রেস্তোরাঁ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেল ছিল না। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন দই, রসমালাই, কফি, চানাচুর এবং বিভিন্ন মসলাসহ নানা খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল।

আদালত সূত্র জানায়, এর আগেও প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ খাদ্য আইন ও বিধিমালা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছিল। কিন্তু পুনরায় একই ধরনের অনিয়ম ধরা পড়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারায় দিলশাদ রেস্টুরেন্ট, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই প্রত্যেকের নিকট থেকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা বলেন, 'ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

সুলতান মাহমুদ/তামান্না রুপা/

পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৩৩ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৫১ এএম
পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী
ছবি: রাজহাঁস নিয়ে থানায় ভুক্তভোগী নারী সুবর্ণা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গিয়ে সুবর্ণা (২০) নামের এক নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিচার চাইতে তিনি সেই রাজহাঁস নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগে ভুক্তভোগী সুবর্ণা উল্লেখ করেন, তিনি উপজেলার বাড়ৈখালি এলাকার বাসিন্দা। সোমবার সকালে তার একটি রাজহাঁস প্রতিবেশী বিবাদীর বাড়িতে গেলে সেটির পা ভেঙে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

ওই নারীর অভিযোগ, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন।

আহত সুবর্ণা জানান, ঘটনার পর তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:২৮ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৫১ এএম
রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে এসব কাঠ মজুদ করে রাখা হয়েছিল। তবে এঘটনায় পাচারকারীদের কাউকেই আটক করা যায়নি। 

সোমবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোনের একটি টহল দল এসব কাঠ জব্দ করে।

জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী ও ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে এসব কাঠ জব্দ করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা কাঠ স্থানীয় বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অবৈধভাবে বনজসম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিকসম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জিয়াউর জুয়েল/খাদিজা রুমি/

হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:২২ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৩০ এএম
হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম
দেশের বিভিন্ন জেলায় সরবরাহের জন্য হাঁসের বাচ্চা প্রস্তুত করছেন ব্যবসায়ীরা। ছবিটি তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকা থেকে তোলা।

একসময় দারিদ্র্য ও বেকারত্বে জর্জরিত ছিল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রাম। জীবিকার সন্ধানে অনেককেই এলাকা ছাড়তে হতো। সেই গ্রামই এখন দেশের অন্যতম হাঁসের বাচ্চা উৎপাদনকেন্দ্র। হাঁসের গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া মহেশরৌহালী থেকে প্রতিদিন লাখ লাখ হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এই শিল্প ঘিরে বদলে গেছে গ্রামের অর্থনীতি।

প্রায় তিন দশক আগে গ্রামের শাহ আলম কৃত্রিম উপায়ে হাঁসের ডিম ফুটানোর উদ্যোগ নেন। একটি হারিকেন ও ধানের তুষ ব্যবহার করে শুরু করা সেই উদ্যোগ এখন বড় শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে গ্রামটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১২০টি হ্যাচারি গড়ে উঠেছে। খামারিদের দাবি, এসব হ্যাচারিতে প্রতিদিন ১০ থেকে ১২ লাখ হাঁসের বাচ্চা উৎপাদিত হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ১৯৯৫ সালে শাহ আলম পরীক্ষামূলকভাবে কৃত্রিম উপায়ে হাঁসের ডিম ফুটানো শুরু করেন। শুরুতে অনেকেই বিষয়টিকে অবিশ্বাসের চোখে দেখলেও দীর্ঘ গবেষণা ও পরিশ্রমের মাধ্যমে তিনি সফলতা পান। তার সেই উদ্যোগই পরবর্তী সময়ে পুরো গ্রামের অর্থনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে।

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে হারিকেন ও তুষের জায়গা দখল করেছে আধুনিক বৈদ্যুতিক ইনকিউবেটর। গ্রামের প্রায় প্রতিটি পরিবার এখন কোনো না কোনোভাবে হাঁসের বাচ্চা উৎপাদন, পরিচর্যা ও বিপণনের সঙ্গে জড়িত। পুরুষদের পাশাপাশি নারীরাও ডিম সংগ্রহ, বাছাই ও বাচ্চা পরিচর্যার কাজে অংশ নিচ্ছেন।

খামারিদের তথ্য অনুযায়ী, উৎপাদনকারীরা সাধারণত একদিন বয়সী হাঁসের বাচ্চা প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায় পাইকারদের কাছে বিক্রি করেন। তবে খুচরা বাজারে একই বাচ্চার দাম ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় খাকি ক্যাম্পবেল ও ইন্ডিয়ান রানার জাতের হাঁসের বাচ্চার চাহিদা বেশি থাকায় এসব জাতের দাম তুলনামূলক বেশি।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘একসময় গ্রামের মানুষের নুন আনতে পান্তা ফুরাত। এখন প্রায় প্রতিটি পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত। সকাল থেকে রাত পর্যন্ত সবাই উৎপাদন ও সরবরাহের কাজে ব্যস্ত থাকে।’

উদ্যোক্তা শাহ আলম বলেন, ‘শুরুটা ছিল খুবই কঠিন। মানুষ বিশ্বাসই করত না যে, কৃত্রিম উপায়ে হাঁসের ডিম ফুটিয়ে বাণিজ্যিকভাবে সফল হওয়া সম্ভব। কিন্তু চেষ্টা ও পরিশ্রমের ফলেই আজ এই অবস্থানে পৌঁছানো গেছে।’ তিনি জানান, এই গ্রামের উৎপাদিত খাকি ক্যাম্পবেল, বেইজিং ও ইন্ডিয়ান রানার জাতের হাঁসের বাচ্চার ব্যাপক চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে।

উদ্যোক্তা জামাল উদ্দিন জানান, ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ছোট ইনকিউবেটর দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে প্রায় ৫ লাখ টাকা বিনিয়োগ করে দুটি বড় ইনকিউবেটর পরিচালনা করছেন। মাসে প্রায় ৩০ হাজার হাঁসের বাচ্চা উৎপাদন করে তিনি সাড়ে ৩ লাখ টাকার বেশি আয় করছেন।

প্রতিদিন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, বরিশাল, কুষ্টিয়া ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলা থেকে পাইকাররা মহেশরৌহালী গ্রামে আসেন। বিশেষ খাঁচায় প্যাকেটজাত করে দেশের প্রায় সব জেলায় সরবরাহ করা হয় এসব হাঁসের বাচ্চা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, মহেশরৌহালীসহ উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় ৬০০ খামার গড়ে উঠেছে। প্রাণিসম্পদ বিভাগ নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত পরামর্শ ও ভ্যাকসিনসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ বাড়ানো গেলে এ শিল্প জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।

ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও!

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:১১ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১৫ এএম
ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও!
বাবুল চন্দ্র রায়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ক্যালকুলেটরে হিসাব করে ১৫ শতাংশ কমিশন (ঘুষ) গ্রহণের অভিযোগ উঠেছে। এ ছাড়া পিআইওর কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে অর্থ লেনদেন ও কমিশন নির্ধারণসংক্রান্ত ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় কয়েকটি প্রকল্পের বরাদ্দের পরিমাণ ক্যালকুলেটরে হিসাব করে ১৫ শতাংশ কমিশনের অঙ্ক নির্ধারণ করছেন। একপর্যায়ে তিনি এক ইউপি সদস্যকে বলেন, ‘৩২ হাজার টাকা করে ৮ টন গম হলে মোট ২ লাখ ৫৬ হাজার টাকা। এর ১৫ শতাংশ দিলে ৩৮ হাজার টাকা হয়।’

জবাবে ওই ইউপি সদস্য বলেন, ‘স্যার, ৩৮ হাজার টাকা! একটু কম করে নেন। কাজেও তেমন লাভ হয়নি।’ তখন পিআইও বলেন, ‘মেম্বারদের কোনো দিন লাভ হয় না। আমি এতদিন পিআইও হিসেবে কাজ করছি, কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে।’

ভিডিওর আরেক অংশে এক ব্যক্তি একটি টিআর প্রকল্পের বরাদ্দ ১ লাখ ৬২ হাজার টাকা বলে উল্লেখ করলে পিআইও ক্যালকুলেটরে হিসাব করে ২৪ হাজার টাকা কমিশনের কথা বলেন। ওই সদস্য শতভাগ কাজ সম্পন্ন করার দাবি জানালে বাবুল চন্দ্র রায় বলেন, ‘আগে আপনাদের পরিষদে আসতে দেয়নি, এর পর থেকে আপনারাও আসতে দেবেন না, শোধবোধ।’

এ ছাড়া ১ লাখ ২০ হাজার টাকার প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা এবং একাধিক প্রকল্প মিলিয়ে অন্য একজনের কাছে ৫৬ হাজার টাকা দাবি করার কথাও ভিডিওতে শোনা যায়। ভিডিওর শেষদিকে কয়েকজনকে টাকা গুনতে এবং ফাইলের সামনে অর্থ রাখতে দেখা যায়।

যদিও সব অভিযোগ অস্বীকার করে পিআইও বাবুল চন্দ্র রায় বলেন, ‘ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সে কারণেই এ ধরনের কথা হয়েছে।’ 
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’