ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৮ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তঃবিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষান তাদের কারাদণ্ড দেন।
আটকরা হলেন- মো. মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মো. আলামিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রসি আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩), আ. রাজ্জাক (৬২) ও মো. আলামিন (৪৫)।
এর মধ্যে আ. রাজ্জাককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মো. আলামিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যদের ২০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ র্যাব-১৪ সদরদপ্তরের উপ-অধিনায়ক রাশেদ রাহাদ বলেন, ‘দালাল চক্রের সদস্যরা গরিব অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচ ও উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে এমনকি জিম্মি করে ফাঁদে ফেলে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়, যা দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে। আটকদের মধ্যে বেশ কয়েকজন একই অপরাধে একাধিকবার সাজা খেটে বের হয়ে আবার একই কাজে জড়িয়েছেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে এক হাজার শয্যার বিপরীতে সাড়ে তিন থেকে চার হাজার রোগী ভর্তি থাকেন। এ সুযোগে দালালদের উৎপাত বেড়েছে। অভিযান চলমান থাকুক, এতে দালালদের উৎপাত বন্ধ হবে।’
কামরুজ্জামান/এসজি/