নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।
শনিবার (১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড।
এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত তিনটি বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়। আটক করা সার অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হানিফ/মেহেদী/