পাবনায় দরিদ্র ও এতিমদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস লুটপাটের অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে পাবনা সার্কিট হাউসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসাগুলোতে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত মাংস নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করছিলেন জেলা প্রশাসনের কিছু কর্মচারী। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে তারা হাতেনাতে ধরা পড়েন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাংস ফেলে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন অভিযুক্তরা।
সূত্র জানায়, বিদেশ থেকে আসা এক ট্রাকভর্তি মাংসের কার্টন শুক্রবার রাতে পাবনায় পৌঁছায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) মাধ্যমে তালিকা তৈরি করে এতিমখানা ও মাদ্রাসায় এসব মাংস বিতরণের কথা থাকলেও এর একটি বড় অংশ জেলা প্রশাসনের কর্মকর্তারা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী মোট ১৬টি কার্টনে প্রায় ৩২০ কেজি মাংস ছিল। এর অধিকাংশই শনিবার দুপুরে সার্কিট হাউসে ভাগ করে নেওয়ার সময় ধরা পড়েন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জেলা প্রশাসক মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পার্থ/মেহেদী