মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউল সম্রাট আবুল সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশেই এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন বাউল সমর্থক এবং একজন তৌহিদী জনতার অংশগ্রহণকারী বলে জানা গেছে।
আহতদের মধ্যে বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলকে পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, তৌহিদী জনতার আহত ব্যক্তির নাম আব্দুল আলীম। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল সম্রাট আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তৌহিদী জনতা। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে শহিদ স্মৃতিস্তম্ভ এলাকায় যান। অপরদিকে, আবুল সরকারের মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল সমর্থক। পরে তৌহিদী জনতার মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আহত চারজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
আসাদ/এসজি/