সমাজে প্রতিবন্ধী ভাই-বোনদের অন্তর্ভুক্তিমূলক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিবন্ধী সহায়ক স্থাপনা নির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
বুধবার (৩ ডিসেম্বর) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এসব কথা বলেন।
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা যুগান্তর, ডিডিআরসি ও এওয়াক এ আয়োজনে সহযোগিতা করে।
ড. জিয়াউদ্দীন বলেন, সমাজে প্রতিবন্ধী ভাই বোনদের অন্তর্ভুক্তিমূলক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তাদের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিবন্ধী সহায়ক স্থাপনা নির্মাণ করতে হবে। তিনি সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের সহাবস্থান নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রতিবন্ধী ভাই-বোনরাও আমাদের দেশের সম্পদ। দেশের উন্নতি নিশ্চিত করার জন্য আমাদের এই সম্পদকে কাজে লাগাতে হবে। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, কোথায় কাকে কিভাবে কাজে লাগাবো, কার কি ধরনের সহযোগীতা প্রয়োজন, কাকে কি ধরনের সুবিধা আমরা প্রোভাইড করবো। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ও সমাজে অন্তর্ভুক্তিমূলক সুবিধা নিশ্চিত করতে যা যা করণীয় সরকার তা করবে বলে তিনি নিশ্চয়তা দেন।
প্রতিবছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।’
সমাজের সব স্তরের কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা ও উন্নয়নের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই এ দিবস পালনের লক্ষ্য। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে।
প্রতিবন্ধীদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, রামপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শাহাদাত হোসেন, ডিডিআরসির নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াছমিন পারভীন, সিসিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার, অক্সিলারি ক্রাচ, স্মার্ট সাদা ছড়িসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
নাঈম/