হবিগঞ্জে অরক্ষিত রেলওয়ে লেভেল ক্রসিংকে কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানির ঝুঁকি। এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে জেলার অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ২০টি লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হচ্ছে।
রেলওয়ের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ধাপে ধাপে হবিগঞ্জ জেলার সব অরক্ষিত লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ২০টি ক্রসিং বন্ধ হচ্ছে। পরে বাকি ২৬টিও পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
রেল কর্মকর্তাদের ভাষ্য, জেলার অধিকাংশ অরক্ষিত লেভেল ক্রসিং স্থানীয়ভাবে তৈরি ‘অননুমোদিত’ পথ। এসব জায়গায় কোনো সিগন্যালম্যান নেই, নেই নিরাপত্তা কাঠামোও। ফলে ট্রেন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে।
তবে হঠাৎ করে লেভেল ক্রসিং বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিকল্প রাস্তা বা ওভারপাস-আন্ডারপাস নির্মাণ ছাড়াই চলাচলের পথ বন্ধ করে দেওয়া হলে নিত্যদিনের যাতায়াতে ভোগান্তি বাড়বে।
সরেজমিনে বাহুবল উপজেলার মির্জাটুলা সড়ক এবং শায়েস্তাগঞ্জ উপজেলার হাইস্কুল সড়কে দেখা যায়, রেললাইন পারাপারের জায়গাগুলো রেলের পাত ও খুঁটি দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় নুরুল আমীন বলেন, ‘এই সড়ক দিয়ে আমরা বহুদিন ধরে চলাচল করছি। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমরা চরম বেকায়দায় পড়েছি। আমরা কোন দিক দিয়ে গ্রামে ঢুকব, সেই রাস্তাও নাই।’
এ বিষয়ে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পূর্ত) আব্দুর রউফ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা প্রতিরোধে অনুমোদনহীন লেভেল ক্রসিংগুলো বন্ধ করা হচ্ছে। তবে স্থানীয় লোকজনের চলাচলের বিষয়টিও মাথা রাখছি আমরা।’