মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী, চারটি হত্যাসহ ২৩ মামলার আসামি সাজেদুল হক লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৭ ডিসেম্বর) দিনভর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাজেদুল হক লালু (৪৫), চৌদ্দকাহনিয়া গ্রামের শাকিল (২৭), একই গ্রামের দুই ভাই আলাউদ্দিন (৬৫) ও জসিম (৪৫)।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক বানানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে জয় সরকার (২৫) নামে এক যুবককে খুন করা হয়। গ্রেপ্তাররা সবাই এই মামলার এজহারনামীয় আসামি। এ ঘটনায় মামলা করার পর থেকে তারা সবাই পলাতক ছিল। তাদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ গতকাল (বুধবার) দিনভর অভিযান চালিয়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সন্ত্রাসী লালুকে গ্রেপ্তার করে র্যাব-৩। অন্যদিকে র্যাব-১১-এর একটি টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শাকিলকে, কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে আলাউদ্দিনকে ও ফতুল্লা থানা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে। বুধবার গভীর রাতে তাদের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘লালু গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী। চারটি হত্যা মামলাসহ অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন অপরাধে তার নামে অন্তত ২৩টি মামলা রয়েছে। এই আসামিদের গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।’
এদিকে, শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জয় সরকার হত্যা মামলার বাদী নিহতের বোন জান্নাতি আক্তার এবং স্যুটার মান্নান হত্যা মামলার বাদী নিহতের স্ত্রী সুমী আক্তার। তারা আসামিদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন।
এসজি/