ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
মেসির গোল উদযাপনে বদলের পরামর্শ ২০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি জার্মানির সামনে আফ্রিকান চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে মরিয়া ইকুয়েডর বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয় বিদায়ের আগে আবেগঘন এক বন্ধনের গল্প বস্টনের মন জয় করেছে টার্টান আর্মি দ্রুততম গোলে এগিয়ে বিরতিতে মরক্কো সুইডিশ সমর্থকদের ‘ইয়েলো মার্চ’ রদ্রিকে নিয়ে সমালোচনা ‘অপমানজনক’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে স্পেন ৭২ সেকেন্ডে গোল করে বিশ্বকাপে রেকর্ড মরক্কোর জয়ের খোঁজে নেদারল্যান্ডস ফুরফুরে মেজাজে ইংলিশরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেল যুক্তরাষ্ট্র ভ্রমণে বিধিনিষেধ ফিফার কাছে অভিযোগ করবে ইরান ২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারায় চিকিৎসাবর্জ্যের ভাগাড় কান্দুরিয়া খাল

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
আনোয়ারায় চিকিৎসাবর্জ্যের ভাগাড় কান্দুরিয়া খাল
চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের কান্দুরিয়া খাল চিকিৎসাবর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে চাতরী ইউনিয়নের কান্দুরিয়া খাল আজ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। স্বাস্থ্যবিধি, পরিবেশ আইন ও হাসপাতাল ব্যবস্থাপনার ন্যূনতম মানদণ্ডকে উপেক্ষা করে মাসের পর মাস ধরে খালে নির্বিচারে ফেলা হচ্ছে চিকিৎসাবর্জ্য। এর ফলে খালটি এখন পরিণত হয়েছে বিপজ্জনক মেডিকেল বর্জ্যের স্তূপে, যা স্থানীয়দের জীবন-জীবিকার ওপর গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, রাত গভীর হলে এলাকার বিভিন্ন ক্লিনিক, ল্যাব ও হাসপাতালের লোকজন ট্রলি বা বড় বস্তায় ভরে বর্জ্য এনে খালে ফেলে যায়। একাধিকবার প্রতিবাদ, অভিযোগ, অনুরোধ, কিছুই কাজে আসেনি। বরং প্রতিদিনই বাড়ছে বর্জ্যের পরিমাণ, বাড়ছে রোগবিস্তার ও পরিবেশদূষণের আশঙ্কা। খালের পচা-গলা বর্জ্য বর্ষার পানিতে ভেসে আশপাশের কৃষিজমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ছে। এতে শাকসবজি, মাছ, গবাদিপশুসহ সবকিছুই ঝুঁকির মুখে পড়েছে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পানিতে রক্তমাখা ব্যান্ডেজ, ব্যবহৃত সিরিঞ্জ, ভাঙা কাচের বোতল, প্যাথলজির নমুনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ভাসছে। খালের দুই তীরজুড়ে স্তূপ হয়ে আছে পচা-গলা বর্জ্য। দুর্গন্ধে এলাকায় দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে ভয়াবহ হলো, এ বর্জ্যের অনেকটাই সংক্রামক এবং সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা জানান, কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিতে দিতে তারা ক্লান্ত। কিন্তু প্রশাসন কঠোর নজরদারি না করায় হাসপাতালের লোকেরা রাতের আঁধারে এসে বর্জ্য ফেলে যায়। এখন খালের পানি ব্যবহারের অনুপযোগী। এর ফলে এলাকার শিশু থেকে বৃদ্ধ সবাই নানা রোগে ভুগছে। 

চাতরী ইউনিয়ন পরিষদ সদস্য আবুল মনসুর বলেন, ‘খালটি এখন মরা খালের মতো। শুধু হাসপাতালের নয়, কারখানার বর্জ্যও এখানে ফেলা হচ্ছে। খাল রক্ষায় গত বছর খননের আবেদন করেছি।’
স্থানীয় কৃষক পুলক দাশ জানান, এক সময় এই খাল কৃষিকাজের পানির প্রধান ভরসা ছিল। এখন ভয়ংকর দুর্গন্ধ আর হাসপাতালে বর্জ্যের কারণে পানি ব্যবহারই অসম্ভব।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, ‘চিকিৎসাবর্জ্য খালে ফেলা শুধু অনিয়ম নয়, এটি ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ ধ্বংসের শামিল। এটি দণ্ডনীয় অপরাধ। দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে।’ 
অভিযোগের বিষয়টি অস্বীকার করে আনোয়ারা হলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম জামিল উদ্দিন চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘প্রশাসন ও থানা থেকে সতর্ক করার পর আমরা বর্জ্য পুড়িয়ে ফেলছি। চাইলে সরেজমিনে গিয়ে দেখে আসতে পারেন।’

তবে এলাকাবাসী বলছে, প্রশাসনের পদক্ষেপ শুরু হতেই যারা এতদিন বর্জ্য খালে ফেলতেন, তারা এখন নিজেদের দায়িত্বশীল দেখাতে চাইছেন। কিন্তু বাস্তব চিত্র খালেই স্পষ্ট। উপজেলার পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘এটি অত্যন্ত বিপজ্জনক এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বিষয়টি আগে জানতে পারিনি। এখন যেহেতু অবগত হয়েছি, দ্রুত পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাতরী ইউনিয়নের প্রশাসক তাহমিনা আক্তার খবরের কাগজকে বলেন, ‘হাসপাতালের চিকিৎসাবর্জ্য খালে ফেলা মারাত্মক অপরাধ এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। খুব দ্রুত অভিযানে নামার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দায়ীদের ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় সচেতন মহল মনে করেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় হাসপাতালগুলো বেআইনি কাজ চালিয়ে যেতে সাহস পেয়েছে। এখন যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে কান্দুরিয়া খালের অস্তিত্বই সংকটে পড়বে।

স্থানীয়দের আশা, প্রশাসনের এবারের উদ্যোগ শুধু আশ্বাসেই সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপে রূপ নেবে এবং কান্দুরিয়া খালের পরিবেশ দ্রুত পুনরুদ্ধার হবে। বহু বছরের এই অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যতে এলাকাজুড়ে যে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে, এর দায় কে নেবে— সেই প্রশ্নও উঠছে স্থানীয়দের মধ্যে।

চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:০১ পিএম
চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি
সানজিদা আক্তার তুলি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রায় ছয় কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের সানজিদা আক্তার তুলি বছরে স্টাইপেন্ড ও গ্রীষ্মকালীন সহায়তা এবং টিউশন ফি মওকুফ ও স্বাস্থ্যবিমা বাবদ প্রায় ৬ কোটি টাকার সুবিধা পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টুলেন ইউনিভার্সিটি থেকে তিনি গণিতে পিএইচডি অর্জন করেন।

২০২৬ সালের ফল সেমিস্টার থেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল প্রোগ্রামে যোগ দেবেন।

সানজিদা পরিবারের পক্ষ থেকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

সানজিদা আক্তার তুলি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের সন্তান। তিনি মতলব উত্তর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক অজুফা সরকারের কন্যা।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ভর্তি ও আর্থিক সহায়তাসংক্রান্ত চিঠির তথ্য থেকে জানা গেছে, সানজিদা প্রতি শিক্ষাবর্ষে স্টাইপেন্ড ও গ্রীষ্মকালীন গবেষণা সহায়তা বাবদ ৩০ হাজার মার্কিন ডলার পাবেন। এর পাশাপাশি পূর্ণকালীন ডক্টরাল শিক্ষার্থী হিসেবে তাঁর টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। যার বার্ষিক মূল্য ৬৫ হাজার ৪ মার্কিন ডলার।

এছাড়া শিক্ষার্থী স্বাস্থ্যবিমার (টিএসএইচআইপি) শতভাগ ব্যয়ও বহন করবে বিশ্ববিদ্যালয়। পিএইচডি প্রোগ্রামের পাঁচ বছর মেয়াদে এসব সুবিধার সম্মিলিত বাংলাদেশী সমমূল্য প্রায় পাঁচ কোটি ৮২ লাখ টাকা।

সানজিদার শিক্ষাজীবন শুরু হয় নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর মান্দারতলী মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। পরবর্তীতে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন।

এই অর্জনে উচ্ছ্বসিত সানজিদা আক্তার তুলি বলেন, একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আজ আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ পাওয়া আমার জীবনের একটি বড় স্বপ্ন পূরণ। পরিবারের সমর্থন, শিক্ষকদের দিকনির্দেশনা আর নিরলস পরিশ্রমই আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। আমি চাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা যেন বুঝতে পারে জন্মস্থান নয়, স্বপ্ন আর অধ্যবসায়ই গন্তব্য নির্ধারণ করে।

তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, সানজিদার এই অর্জন মতলব উত্তরসহ গোটা চাঁদপুরের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এসএন/

গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১০:৩৩ পিএম
গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা
খবরের কাগজ গ্রাফিকস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী অমিত হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ, কনস্টেবল কবির ও কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা দক্ষিণ ডিবিতে কর্মরত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে অমিত হাসান তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় যান। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

অমিত চিৎকার করলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করেন। পরে এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে গণপিটুনি দেন। এ সময় গাড়িতে থাকা অন্য কয়েকজন পালিয়ে যান।

পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী শান্তিরবাজার এলাকায় নিয়ে গেলে সেখানে তাদের আবারও মারধর করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মামলায় আরো উল্লেখ করা হয়, আসামিদের যোগসাজশে গত ১৫ জুন জয়নাল নামের আরেক আত্মীয়কে এভাবেই অপহরণ করে নিয়ে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন জয়নালের স্ত্রী সামিরুন ও রুবিয়া বেগম ঢাকার অজ্ঞাত স্থান থেকে আড়াই লাখ টাকা দিয়ে জয়নালকে ছাড়িয়া নেন। এছাড়া একই কায়দায় জাকির হোসেন নামে আরেকজনকে অপহরণ করে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিবণ দাবি করে। জাকির হোসেনের মা জাহানারা বেগম আড়াই লাখ টাকা দিয়ে ছাড়া পায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে কনস্টেবল আকাশ আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে এ অভিযান চালিয়েছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

এ ছাড়া তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একই চক্রের বিরুদ্ধে এর আগেও অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া, সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলার সীমান্তবর্তী শান্তিরবাজার এলাকায় স্থানীয় লোকজনের হাতে গণপিটুনির শিকার হন ওই চার ডিবি সদস্য। সে সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি অভিযানে এসেছিলেন বলে দাবি করেছিলেন। 

তবে পরবর্তী সময়ে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। 

মো: ইমরান হোসেন/এসএন

জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:১৩ পিএম
জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ধর্ষণ অভিযোগে আটক খায়রুল/ ছবি: খবরের কাগজ

জামালপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে খায়রুল (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জামালপুর পৌর শহরের কাজির আখ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খায়রুল নিজ বাড়িতে তার প্রতিবেশী ১৫ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে গোসলখানায় নিয়ে ধর্ষণ করে।

কিশোরীর চিৎকার শুনে আশেপাশের লোকজন খায়রুলকে আটক করে ও কিশোরীকে উদ্ধার করে। পরে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং নির্যাতনের শিকার কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আসমাউল/আমান

সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১০:১৪ পিএম
সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের অভিযোগে হওয়া মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।  

শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করেই গত ১৫ জুন বগুড়ার আদালতে মামলা করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন।

বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বগুড়া সদর থানাকে নির্দেশ দেন।

পরে সদর থানা মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর বিভিন্ন ধারায় রেকর্ড করে তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে।

একই মামলায় অন্য আসামিরা হলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হয়। এ ছাড়া গত ১৩ জুন প্রধানমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে জড়িয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়ানো হয়। কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, রেজানুর ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তারের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।

রিপন/আমান

হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:০১ পিএম
হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম
ছবি: খবরের কাগজ

ভরা মৌসুমেও দিনাজপুরের হিলিতে বেড়েছে সবধরনের চালের দাম। মানভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

ভারতীয় চালের সরবরাহ না থাকায় দাম বাড়ছে এমনটাই বলছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। তাদের মতে, ভারত থেকে আমদানি করা চাল প্রায় শেষের দিকে তাই দাম বেড়েছে।

হিলি স্থলবন্দরের পাইকারী বাজার ঘুরে দেখা যায়, চিকন জাতের সম্পা কাটারি চালের দাম কেজিতে বেড়েছে ১৩ থেকে ১৪ টাকা।  আগে এ জাতের চাল ৬৫/৬৬ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭৮/৮০ টাকায়।

আর দেশীয় চিকন জাতের সম্পা কাটারি ও মিনিকেট কেজিতে ৬ থেকে ৭ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে যা আগে বিক্রি হয়েছে ৫৬ থেকে ৫৮ টাকায়।

ক্রেতা মতিয়ার রহমান বলেন,  হুট করে চালের দাম বেড়ে যাওয়ায় আমরা কিনতে পারছি না। দৈনিক যা আয় করি তা দিয়ে বাজারের হিসাব মিলাতে হিমসিম খেতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় গুদাম গুলোতে তেমন নেই চালের মজুদ। কেজি প্রতি ১৩ থেকে ১৪ টাকা দাম বেড়েছে। যদি বাংলাদেশ সরকার ভারত থেকে চাল আমদানির উদ্যেগ নেয় তাহলে তা সহনীয় পর্যায়ে আসবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, চালের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হরে। নিত্যপণ্যের দাম কেউ বাড়তি দাম নিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের ২০ এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সরকার ভারত থেকে চাল আমদানি বন্ধ রাখা হয়েছে।

কুদ্দুস/আমান