চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় চট্টগ্রামভিত্তিক স্মার্ট গ্রুপের মালিকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী বাঁশখালীর সাবেক এমপি মুজিবুর রহমানের বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। ওই সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতেই ছিলেন। তবে গুলির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া বলেন, ভয় দেখানোর জন্য চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর অনুসারীরা বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদার জন্য সন্ত্রাসী গ্রুপ এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ। একটি মাইক্রোবাসে আটজন মুখোশধারী দুর্বৃত্ত এসে পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়।
ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, বাড়িতে তিনি স্বাভাবিকভাবে ছিলেন। বাড়ির বাইরে গোলাগুলির শব্দ শোনা গেছে। দুর্বৃত্তরা গুলি চালিয়ে চলে যায়। এর বাইরে কিছু বলার নেই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত মুজিবুর রহমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।