রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় পেট্রলপাম্পের একজন কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মর্মান্তিক এই ঘটনায় নিহত কর্মচারীর নাম রিপন সাহা (২৮)। তিনি করিম ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করছিলেন। পরে আজ শুক্রবার দুপুরেই রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন (৫৫) ও তার গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার বড় ছেলে।
এদিকে অভিযুক্ত আবুল হাশেম সুজন সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালে রাজবাড়ী জেলা যুবদল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন।
করিম ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরে একটি কালো রঙের পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬) ফিলিং স্টেশনে আসে। কালো জ্যাকেট পরা আবুল হাশেম সুজন গাড়ি থেকে নেমে পেট্রলপাম্পে দায়িত্বে থাকা রিপনকে ৫ হাজার টাকার অকটেন দিতে বলেন। তেল নেওয়ার পুরো সময় রিপনের পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। তেল নেওয়া শেষ হলে সুজন টাকা পরিশোধ না করেই গাড়িতে উঠে চালককে গাড়ি চালানোর নির্দেশ দেন। টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে সুজন আবার গাড়ি থামান। দরজা খুলে রিপনের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দেন তিনি। রিপন দৌড়ে গাড়ির কাছে গেলে তাকে চাপা দিয়েই গাড়িটি চলে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের আরেক কর্মচারী নজরুল ইসলাম বলেন, ‘রাতের শিফটে আমি আর রিপন ডিউটিতে ছিলাম। ভোর সোয়া ৪টার দিকে একটি কালো পাজেরো জিপ এসে দাঁড়ায়। ৫ হাজার টাকার তেল দেওয়া হয়। কিন্তু টাকা না দিয়ে গাড়ি চালানো শুরু করে। রিপন দৌড়ে গাড়ির পিছু নেয়। আমিও দৌড়ে যাই। ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে গিয়ে দেখি রিপনের মাথার ঘিলু বের হয়ে গেছে, নিথর দেহ পড়ে আছে। গাড়ি চাপা দিয়ে চালক পালিয়ে গেছে।’
করিম ফিলিং স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রিপনের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। উঠানে বসে মা ও দুই বোন আহাজারি করছেন। বৃদ্ধ বাবা একটি চেয়ারে বসে বিলাপ করছেন।
কান্নাজড়িত কণ্ঠে রিপনের বাবা পবিত্র সাহা বলেন, ‘আমার দুই মেয়ে, দুই ছেলে। মেয়েদের বিয়ে দিয়েছি। রিপন আমার বড় ছেলে। আজই ওর জন্য কল্যাণপুরে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। আমার বাবা, আমার সব শেষ হয়ে গেল। কত কষ্ট দিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই।’
করিম গ্রুপের ম্যানেজার ইমরান হোসেন জীবন বলেন, ‘আমাদের কর্মচারী রিপনকে নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। কোম্পানির বিধি অনুযায়ী নিহত পরিবারের পাশে দাঁড়াব এবং ক্ষতিপূরণ দেব।’
আহল্লাদিপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় রিপন নিহত হন। ভোরেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ি ও চালককে শনাক্ত করা হয়েছে।’
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, ‘দুপুরে অভিযান চালিয়ে রামকান্তপুর এলাকা থেকে আবুল হাশেম সুজন এবং গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। সুজনের বিরুদ্ধে অস্ত্রসহ তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
সুমন/মাহফুজ