চট্টগ্রামে শীতের ভরা মৌসুমে বেড়েছে সবজির দর। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মাছ, মাংস, ডিমের বাজারদর অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে নগরীর আগ্রাবাদ ব্যাপারীপাড়া ও হালিশহর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে টমেটো, শিম, লাউ, বেগুন ও বাঁধাকপির কেজিতে ১০ টাকা বেড়েছে। ফুলকপির কেজিতে ২০ এবং কাঁচা মরিচের কেজিতে ৪০ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি টমেটো ৬০, শিম ৫০, লাউ ৪০, বেগুন ৫০ ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হয়েছে।
পাশাপাশি প্রতি কেজি ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা ও কাঁচা মরিচ ১০০ টাকায় বিক্রি হয়। তা ছাড়া বাজারে প্রতি কেজি শিমের বিচি ১০০ থেকে ১২০, মুলা ও শালগম প্রতি কেজি ৪০, নতুন আলু ৩৫, পুরোনো আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হয়েছে। তা ছাড়া প্রতি কেজি পেঁপে, মিষ্টিকুমড়া এবং প্রতি হালি কাঁচা কলা ৪০ টাকায় বিক্রি হয়।
নগরীর ব্যাপারীপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা মো. শফিক বলেন, ‘পাইকারি বাজারে সবজির দাম বেড়ে গেছে। এর প্রভাব খুচরা বাজারে পড়েছে। সবজির সরবরাহও কিছুটা কম। আশা করছি, সরবরাহ বেড়ে গেলে দাম কমে আসবে।’
একই বাজারে কথা হয় ক্রেতা মো. শফিউল আজমের সঙ্গে। তিনি বলেন, ‘এখন সবজির দাম একেবারে কম থাকার কথা। কিন্তু দাম অনেক বেড়ে গেছে। এর পেছনে বিক্রেতারা নানা অজুহাত দিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখা উচিত। পাশাপাশি বাজার তদারকি ব্যবস্থা জোরদার করা দরকার।’
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘সরকারের কর্মকর্তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এর সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ইচ্ছামতো দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছেন। তাই ভোক্তার স্বার্থে বাজার তদারকিরও চালিয়ে যাওয়া দরকার।’