চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জীপ) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৮) নামে একজন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খিরাম সড়কের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল উদ্দিন ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের বাট্টান বাপের বাড়ি এলাকার আব্দুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নয়াহাট এলাকায় বেপরোয়া গতিতে চলাচলরত একটি চাঁদের গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেলে থাকা শাকিল ও আলাউদ্দিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শাকিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন সৌরভ বলেন, ‘জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুল/রিফাত/