'সত্যি আল্লাহর কসম তার মা (শাশুড়ি) আমাকে বিষ খাইয়ে দিয়েছেন। আমার স্বামী জিজ্ঞাসা করলে আমি বলব, আমাকে বিষ খাওয়াই দেয়নি। কিন্তু খাওয়াই দিছে, আল্লাহর কসম খাওয়াই দিছে, সত্যি'- মৃত্যুর আগে শাশুড়ির বিরুদ্ধে এভাবেই জোরপূর্বক বিষপান করানোর অভিযোগ তুলে দুনিয়া থেকে বিদায় নিলেন আমেনা বেগম (২৪) নামে এক গৃহবধূ।
শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে গৃহবধূ আমেনা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর কিছুক্ষণ আগে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় মোবাইলে ধারণকৃত বিষপান করানোর অভিযোগের এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর ফেসবুকে শুরু হয় নানা ধরনের নেতিবাচক মন্তব্য। এ ঘটনায় গৃহবধূর স্বামী মো. ইউসুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন থানা পুলিশ।
নিহত গৃহবধূ আমেনা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়া এলাকার শফিক আহমদের মেয়ে। স্বামী মো. ইউসুফ সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদির পাড়া এলাকার হাজী আবু বক্করের ছেলে। ২০২২ সালের ৫ আগষ্ট তাদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে শ্বশুর বাড়িতে গৃহবধূ আমেনার বিষপানের ঘটনা ঘটে। পরে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে আমেনার মৃত্যু হয়।
নিহত আমেনার বড় ভাই মো. ফোরকান বলেন, শুক্রবার আসরের সময় আমার বোন আমাকে ফোন করে বলে, তাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে। না হয় শ্বশুরবাড়ির লোকজন তাকে মেরে ফেলবে। আমি বলেছি, ধৈর্য ধর।
ফোরকান অভিযোগ করে বলেন, মূলত আমার বোনের স্বামী ইউসুফ, তার শাশুড়ি ও শ্বশুর মিলে জোরপূর্বক বিষপান করিয়ে বোনকে মেরে ফেলেছে। আমি এ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ফোরকান আরও বলেন, বিয়ের পর থেকে আমার বোনকে স্বামীসহ তার শ্বশুর বাড়ির লোকজন আমাদের কাছ থেকে যৌতুকের অংশ হিসেবে টাকা এনে দেওয়ার জন্য বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এতে আমেনা অসম্মতি জানালে তাকে নির্যাতনের পাশাপাশি দেওয়া হয় হত্যার হুমকিও।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষপানে গৃহবধূ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্বামী ইউছুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. আরিফুল ইসলাম/এসএন