সিলেটের জৈন্তাপুরে ভারতের তৈরি ১০টি এয়ারগান জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার পাখিটেকি এলাকার করিচার ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে এসব জব্দ করা হয়।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার করিচার ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসায় জৈন্তাপুর মডেল থানা-পুলিশ। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলযোগে দুইজন লোক চেকপোস্টের সামনে আসলে গাড়িটি থামাতে সংকেত দেওয়া হয়। থামার সংকেত দেখে মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে কৌশলে দৌড়ে পালিয়ে যায় তারা। এরপর বস্তা তল্লাশি করে ৪টি ভারতীয় ক্যামো রংয়ের নতুন এয়ারগান ও ৬টি কালো রংয়ের নতুন এয়ারগান এবং তাদের ব্যবহৃত একটি পুরোনো সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা খবরের কাগজকে বলেন, ‘আমাদের টহলদল সারা রাতই ডিউটিতে থাকে। মাঝে মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করে। আজ ভোরে এই নিয়মিত কাজের সময় ১০টি এয়ারগান উদ্ধার করে টহলদলের সদস্যরা। যেহেতু তাৎক্ষণিক তল্লাশি ছিল তাই এই অস্ত্র বহনকারীরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তবে আমরা তাদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় মামলা হয়েছে।’
এসজি/