আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নৌবাহিনী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টেকনাফ নৌ কন্টিনজেন্টে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি টেকনাফ উপজেলার স্থানীয় সিভিল প্রশাসনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেন।
মিডিয়া ব্রিফিংয়ে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বলেন, ‘গত দেড় বছরে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ সীমান্ত এলাকায় অপহরণ, মানব পাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মাঠপর্যায়ে সর্বাত্মকভাবে কাজ করা হবে।’
তিনি বলেন, ‘সরকারের পরিপত্র, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং অন্যান্য সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আলোকে অন্যান্য বাহিনী ও সংস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নৌবাহিনী বদ্ধপরিকর।’
নির্বাচনকালীন সময়ে ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান আরও বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি অনুসরণ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলনের মাধ্যমে সদস্যদের প্রস্তুত করা হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’
জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নৌবাহিনী সংবিধান ও আইনের আলোকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন অব্যাহত রাখবে।’
শাহীন/সুমন/