নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ আটক আসামিকে ছিনিয়ে নিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে হামলা চালানোর ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে বুধবার রাতে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পৌর হাজীপুর গ্রামের মৃত শহিদ উল্যাহর ছেলে জহিরুল ইসলাম হৃদয় (২৮), তার ভাই এনামুল হক সজিব(২২), মা আলেয়া বেগম (৪৫) ও স্ত্রী সুইটি আক্তার (২১)। তাদের বিরুদ্ধে মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের মামলা রুজু হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে ১৫০ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম হৃদয়কে আটক করে ডিবি। পরে গাড়িতে তোলা হলে তাকে ছিনিয়ে নিতে গ্রেপ্তাররাসহ ১৫-২০জন অতর্কিতে হামলা চালায়। এসময় ডিবির কনস্টেবল শাহাদাৎ হোসেন ও মঞ্জুরুল ইসলাম আহত হন এবং তাদের রিকুজেশন করা মাইক্রো ভাংচুর করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত কনস্টেবলদেরকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদি হয়ে মাদক এবং পুলিশ আহতের দুটি মামলা দায়ের করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খরব পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতের মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. সরওয়ার আলম বলেন, পুলিশ আহত ও মাদক মামলার চার আসামিকে আনার পর কেউ জামিনের আবেদন করেনি। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসএন