ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেটকার আরোহী দুই মা-ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও তিন আরোহী আহত হয়েছেন। তারা হলেন- নিহত আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের গ্রামের নিলুফা (৩৬)। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা জানান, আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে করে সিলেটে যাচ্ছিলেন। পথে দুপুর ১২টার দিকে সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস প্রাইভেটকারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারের পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/অমিয়/