হিজরি ১৪৪৭ সনের পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি-২০২৬।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়।
“আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান” স্লোগানে মুখরিত হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড় ঘুরে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ র্যালির মূল লক্ষ্য।
বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, শিক্ষার্থী এবং সুধীজন।
কাসেমুর রহমান/নাঈম