কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও তরল গ্যাসবাহী ট্রাকের চাপায় ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে কুষ্টিয়া শহরতলীল বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজির চালকসহ ২ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন, এবং তাদের মেয়ের জামাই সিএনজি চালক রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে রাজশাহীর বাঘা এলাকায় জামাই বাড়ী থেকে জামাই সিএনজি চালক মো. জাকারিয়ার সিএনজিতে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ফেরার পথে বাইপাস সড়কে পৌছলে দ্রতগতীর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি তরল গ্যাসবাহী ট্রাকের সামনে চলে আসে। এসময় সিএনজিটিকে চাপা দেয় ওই ট্রাকটি। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি মো. আল ওয়াবেদ জানান, কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন সিএনজি যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত দুই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এছাড়াও হাইওয়ে পুলিশ দুইজন পুরুষ ও একজন মহিলার মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিলন/অমিয়/