শরীয়তপুরের ভেদরগঞ্জে দেবরের আত্মহত্যার খবর শুনে পরদিন নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবকের চাচাতো ভাবী। এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছিলেন মিল্টন মল্লিক নামে এক ব্যক্তি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তারই চাচাতো ভাই ও মালেশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। ধারণা করা হয় প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে মধ্য মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ভাবী এলিনা আক্তারও। স্থানীয়রা বলছেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল, সেই জের ধরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন আমার কাছের বন্ধু ছিল। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করত। গতকাল শুনলাম ও ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ গ্রামে আসার কথা। হঠাৎ করে সকালে শুনতে পাই, ওর যে চাচাতো ভাবী আত্মহত্যা করেছেন।
মিল্টনের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিল। সেই ঘটনার সূত্র ধরে দুজনেই আত্মহত্যা করেছেন। এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে জানতে পারি সেখানে আত্মহত্যা করা একজনকে আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজিব হোসেন/সুমন/