গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রবিবার (২৯ মার্চ) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
শাহেদা আহমেদ (৫০) উপজেলার গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী।
গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে রান্না করার সময় ২৫ মার্চ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনি দগ্ধ হন। বিস্ফোরণে তার শরীরে আগুন ধরে যায়। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পানির পাম্প চালিয়ে আগুন নেভান। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতির কারণে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হলেও চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানান, সিলিন্ডার বিস্ফোরণে আশেপাশের ঘরবাড়ির ক্ষতি হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পলাশ প্রধান/অমিয়/