চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরের মিয়ার বাজারে ফুটপাত দখল করে নির্মাণ করা দোকান দখলমুক্ত ও উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উচ্ছেদ করা দোকানের খাদ্যসামগ্রী এতিমখানায় বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আঁকন।
অভিযানে দেখা যায়, বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কের ফুটপাত দখল করে বিভিন্ন ব্যাবসার ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। এ সময় একটি কনফেকশনারি দোকান থেকে বিস্কুট ও কেক জব্দ করা হয়। পাশাপাশি একাধিকবার সতর্ক করার পরও ফুটপাত দখল করায় এক ফল ব্যবসায়ীর ফল ও তরমুজ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করা এই খাদ্যসামগ্রী স্থানীয় মখজনুল উলুম মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেন।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আঁকন জানান, বারবার সতর্ক করার পরও কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করে আসছিলেন। তাই পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা, চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে এই ধরনের অবৈধ দোকান ও ব্যাবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত এরকম অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা এবং কাউকে সরকারি সম্পদ জবর দখল করতে দেওয়া হবে না। প্রশাসনের এই অভিযান ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সঙ্গে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বাঁশখালীতে ফুটপাত ও সড়ক দখল করে দোকান উচ্ছেদ করে খাদ্য সামগ্রী এতিমখানায় দিলেন ম্যাজিস্ট্রেট।
শফকত হোসাইন/নাঈম