জমি থেকে করলা চুরি করে বিক্রির অভিযোগে জনসম্মুখে গাছে বেঁধে স্ত্রীকে পেটালেন স্বামী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে একই এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরির অভিযোগ ওঠে বদিয়া মিয়ার স্ত্রী ছালেহা বেগমের বিরুদ্ধে। জমির মালিক তাকে করলাসহ আটক করে তার স্বামীকে জানায়।
সেদিন সকাল ৯টার দিকে স্বামী বদিয়া তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটালেন। এ সময় মানুষ ভিড় করে দেখতে থাকেন। কেউ কেউ মুঠোফোনে ভিডিও ধারণও করেন। এমন একটি ভিডিও পাওয়া গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জনসম্মুখে গাছে বেঁধে স্ত্রীকে পেটানোকে কেউ কেউ অন্যায় বলে দাবি করছেন।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, প্রায়ই তার জমি থেকে করলা চুরি হয়। ওত পেতে থেকে বস্তাভর্তি করলাসহ ছালেহাকে আটক করে তার স্বামীকে জানানো হয়। পরে তার স্বামী তাকে গাছে বেঁধে পেটালেন।
এ বিষয়ে কথা বলতে বদিয়া মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, চুরি করা করলাসহ ওই নারীকে জমির মালিক আটক করেন। পরে ওই নারীর স্বামী তাকে শাসন করে বাড়িতে নিয়ে যায়। তবে বাড়িতেই শাসন করা যেত।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ‘ঘটনাটি শোনা যাচ্ছে। কেউ অভিযোগ করেনি। এটি স্বামী-স্ত্রীর বিষয়। অভিযোগ পেলে তদন্ত করা হবে।’
সিরাজ/রিফাত/