মাগুরার সদর উপজেলায় রাতে পুলিশ পরিচয়ে ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে।
ছাকাম মোল্যা উপজেলার গোপালগ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে একটি সাদা মাইক্রোবাস তার বাড়ির সামনে এসে থামে। এ সময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা আছে বলে জানায় এবং তাকে সঙ্গে যেতে বলে। পরিবারের কাউকে সঙ্গে নিতে না দিয়েই তাকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, পাশ্ববর্তী বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, যারা তাকে নিয়ে গেছে তারা প্রকৃতপক্ষে পুলিশ নয়, বরং ছদ্মবেশী দুর্বৃত্ত।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, ‘বিগত ১৬-১৭ বছর আমরা এভাবে নির্যাতনের শিকার হয়েছি। এখন বিএনপি সরকার গঠন করার পরেও আমাদের দলের নেতা-কর্মীরা এভাবে নির্যাতনের শিকার হচ্ছে এটি খুবই দুঃখজনক। পুলিশ পরিচয়ে আমাদের একজন ওয়ার্ড নেতাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। পুলিশের কাছে আমাদের জোর দাবি থাকবে, এটি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘটনায় জড়িতরা পুলিশের কেউ নন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
শ্রাবণ/রিফাত/