কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার তুলাতুলী পাহাড়ে তিনজনের মাথায় আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মুর্শেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকার পাদদেশ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করা অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিরুল ইসলাম রবি (২৫), নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ (৩৫) এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর (৩৪), যিনি কালানি নামে পরিচিত।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, খবর পেয়ে তিনি পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ দেখতে পান। পাশেই একটি কোদাল পড়ে ছিল এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে পরিবারের সদস্যরা আরও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দু’জন অপহরণ ও ডাকাত দলের সঙ্গে জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি এলাকায় বিভিন্ন অপরাধচক্র সক্রিয় রয়েছে। অপহরণ, ডাকাতি ও মানবপাচারের মত অপরাধে জড়িত এসব গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় উদ্ধার করা অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মরদেহ গুলো সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোঃ শাহীন/এসএন