নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রামিম (৯)। সে উপজেলার গজারিয়া চড়কারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে। তার দাদা আমজাদ হোসেন গজারিয়া বাজারে ঢেউটিনের ব্যবসা করেন এবং তার বাবাও একই বাজারে স্যানিটারি ব্যবসা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি বুধবার (৬ মে) রাত সাড়ে ১১টায় নিশ্চিত করেন ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে রামিম গজারিয়া বাজারে অবস্থিত ফয়সাল মিয়ার অটোরিকশা গ্যারেজে যায়। সেখানে রিকশাচালক সবুজ মিয়াসহ তিনজন মিলে ‘মজার ছলে’ রিকশার টিউবে হাওয়া দেওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথে বাতাস প্রবেশ করে। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামিম মারা যায়।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রাকিব আসকারী জানান, উচ্চগতিতে বাতাস প্রবেশের ফলে শিশুটির অন্ত্রের কোনো অংশ ছিদ্র হয়ে থাকতে পারে। এতে পেটের ভেতরে রক্তক্ষরণ হয়, তীব্র পেটব্যথা শুরু হয় এবং শ্বাস নিতে সমস্যা দেখা দেয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহত রামিমের দাদা ও বাবা একই বাজারে কাজে করায় রামিম প্রায়ই দাদার সঙ্গে বাজারে সময় কাটাত। শিশু রামিমের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া প্রাথমিক অভিযোগ পাওয়ার পরই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
শাওন খন্দকার শাহিন/অন্তরা