মাগুরার ঐতিহ্য ও গৌরবের প্রতীক হাজরাপুরী লিচুকে দেশব্যাপী আরও পরিচিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হাজরাপুরী লিচু মেলা-২০২৬’।
শনিবার (১৬ মে) মাগুরার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগান প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
আগামী ১৭ মে রবিবার পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মাগুরার হাজরাপুরী লিচু শুধু এই অঞ্চলের অর্থনীতিকেই সমৃদ্ধ করেনি, অনন্য স্বাদ ও ঐতিহ্যের কারণে এটি মাগুরার একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই মেলার মাধ্যমে চাষিরা যেমন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে পারবেন, তেমনই এই লিচুর বাণিজ্যিক সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, স্থানীয় লিচু চাষিদের উৎসাহিত করতে এবং হাজরাপুরী লিচুর ঐতিহ্য ধরে রাখতে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের জন্য স্থানীয় বাগানের তাজা ও রাসায়নিক মুক্ত লিচু সংগ্রহ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলী।
দুই দিনব্যাপী এই মেলায় স্থানীয় লিচু চাষি ও ব্যবসায়ী তাদের উৎপাদিত হাজরাপুরী লিচুর পসরা সাজিয়ে বসেছেন। প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
কাসেমুর রহমান/আমান