কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী মায়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টা দিকে বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রোহিঙ্গার নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নিজামত আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, ৬৪ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিআরএম-২১ পিলার সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল বালুখালী বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার আগে কাটাপাহাড় পোস্ট-সংলগ্ন এলাকায় এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ মায়ানমারের ভেতরে অবস্থিত বলে জানা যায়।
বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে তাৎক্ষণিক তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা নতুন নয়। অতীতেও সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনায় হতাহত হওয়ার ঘটনা রয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বালুখালী সীমান্তে মায়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, ক্যাম্পের কোনো রোহিঙ্গা নাগরিক সীমান্তে যাওয়ার কথা নয়। কিন্তু বিভিন্ন অজুহাতে, মাছ ধরা বা কৃষিকাজের কথা বলে তারা সীমান্তের ওপারে চলে যান এবং এ ধরনের দুর্ঘটনার শিকার হন।
তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এপিবিএন সদস্যরা নিয়োজিত রয়েছেন। সীমান্ত এলাকায় যাতায়াত থেকে বিরত রাখতে রোহিঙ্গাদের নিয়মিত মাইকিং, সচেতনতামূলক প্রচারণা ও সতর্কতামূলক কার্যক্রম চালানো হলে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে।
রিদুয়ানুল হক/অমিয়/