পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজায়।
গত ৪৮ ঘণ্টায় এই দুই সেতু দিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানান, ঈদযাত্রায় যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে টোলপ্লাজায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রামমুখী লেনে ১২টি এবং চট্টগ্রাম-ঢাকামুখী লেনে ৮টি টোল বুথ চালু রাখা হয়েছে।
এছাড়া অতিরিক্ত আরও ৫টি কাউন্টার প্রস্তুত রাখা হয়েছে। যানবাহনের চাপ বাড়লে তাৎক্ষণিকভাবে এসব কাউন্টার চালু করা হবে।
একই সঙ্গে টোল আদায় ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল দায়িত্ব পালন করছে বলেও জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বুধবার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৫ মে মেঘনা ও গোমতী সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয়। ওইদিন টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা।
তিনি বলেন, ২৬ মে তুলনামূলক ছোট যানবাহনের সংখ্যা বেশি ছিল। সেদিন প্রায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।
সওজ সূত্র জানায়, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে যানবাহনের চাপ। তবে অতিরিক্ত বুথ ও কাউন্টার চালু রাখায় টোলপ্লাজায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
মো: ইমরান হোসেন/এসএন