চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস্ সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঠিক তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের বাসটি। বোগদাদ বাসটি আইদি বাসটিকে অতিক্রম করতে চেয়েছিলো। কিন্তু অতিক্রম করতে না পেরে বোগদাদ বাসটি ভুল সাইডে প্রবেশ করে।
এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ বাসটি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দারা বলেন, বোগদাদ বাসগুলো সবসময় বেপরোয়াভাবে চলে। বিগত বেশকিছু দুর্ঘটনায় বোগদাদ বাসের সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এই রোডে দুই বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এই প্রতিযোগিতায়ে আর কত মানুষের প্রাণ যাবে তা এখন সবার প্রশ্ন।
ঘটনার পরে বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফয়েজ/আমান