সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) নামে এক নার্সের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত জেরিন সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা ছিলেন এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জেরিন সুলতানার মৃত্যুর তথ্য জানানো হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জেরিন সুলতানা হামের উপসর্গে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হলে রবিবার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) মারা যান। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬২ জনের মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪ জন।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান নার্স জেরিন সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি।
অন্তরা/