দেশের ৪০টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রাজশাহী বিভাগের ৮ জেলা, রংপুর বিভাগের ৮ জেলা, বরিশাল বিভাগের ৬ জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ তাপপ্রবাহ আরও কয়েক জেলায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, মৌসুম অনুযায়ী এ ধরনের তাপপ্রবাহ স্বাভাবিক। আগামী দু-এক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে আসবে।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৪ জুন) রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো পড়ুন>>