চট্টগ্রামের পটিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) পটিয়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
মতবিনিময় সভায় পৌরসভার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম, কর আদায় ব্যবস্থা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, 'পটিয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।'
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারহানুর রহমান বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা প্রদানই পৌরসভার মূল লক্ষ্য। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেবার মান আরও উন্নত করতে হবে। তিনি পৌরসভার সব কার্যক্রমে শৃঙ্খলা, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবাকে আরও গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাফিউল আকরাম/থিও/