বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায়’ অংশ নিতে পাবনার ঈশ্বরদীতে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় উপজেলার সলিমপুরের চরমিরকামারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ (কুল ময়েজ)।
তিনি খবরের কাগজকে বলেন, আমাদের সংগঠন বাংলাদেশ কৃষক সমিতি প্রতিবছরের মতো এ বছরও লিচুর মৌসুমে ‘লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার’ আয়োজন করবে। প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উপস্থিত থাকবেন।
বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল মন্ডল (লিচু কিতাব) খবরের কাগজকে বলেন, ঈশ্বরদীতে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এবার ৬০০ থেকে ৭০০ কোটি টাকার লিচু বেচাকেনা হবে আশা করা হচ্ছে। এ ছাড়া সব ধরনের সবজির আবাদ রয়েছে ঈশ্বরদীতে। শুধু তাই নয়, আম, কাঁঠাল, লিচু, জাম, বাঙ্গি, কলার পাশাপাশি বিদেশি দামি ফলও এখন ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় উৎপাদন হচ্ছে। এ ফলের মধ্যে রয়েছে ড্রাগন, স্টবেরি, মাল্টা, আঙুর।
তিনি আরও বলেন, এখানকার কৃষকরা পরিশ্রম করে ফসল, ফল উৎপাদন করলেও সুবিধা থেকে বঞ্চিত। তাই বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ঈশ্বরদী বিমানবন্দর চালু, লিচু গবেষণা ইন্সটিউিট ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লিচু প্রক্রিয়াকরণ এলাকা ও কোল্ড স্টোরেজ স্থাপন ইত্যাদি।
এ দাবিগুলো মানা হলে এখানকার কৃষকদের স্বার্থ রক্ষা হবে এবং মৌসুমভিত্তিক উৎপাদিত ফসল থেকে লাভবান হবেন। এ ছাড়াও দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত উল্লেখ করে পাঠ্যপুস্তকে দিনাজপুরের নাম রয়েছে। অথচ সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি লিচু উৎপন্ন হলেও ঈশ্বরদীর নাম পাঠ্যপুস্তুকে নেই। তাই পাঠ্যপুস্তুকে ঈশ্বরদীর নামও অন্তুর্ভুক্ত করার দাবি জানানো হবে।
জাহাঙ্গীর হোসেন/থিও