গোপালগঞ্জের মুকসুদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন।
বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ২৭ জন আহত হয়।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আমিরবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার কালাম (৩০)।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাদল সাহা/আমান