রাজশাহীতে বিদ্যুতের খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পাশে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
কিশোর সাজ্জাদের বাবার নাম মো. সাজু। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনের একটি বাসায় ভাড়ায় থাকেন।
রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ একটি বাড়ির টিন ও তারের সঙ্গে ঝুলে ছিল। পৌনে ১১টার দিকে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নিশ্চিত হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনায়েত করিম/ আজহার/