পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে অনধিকার প্রবেশ, দখলচেষ্টা, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবাদকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) পটিয়া প্রেস ক্লাবের সভাপতি নুর হোসেন পটিয়া থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পটিয়া প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা চলাকালে অভিযুক্তরা বহিরাগত ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং প্রেস ক্লাবের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চালান।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে সভার রেজুলেশন খাতা জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং উপস্থিত সংবাদকর্মীদের ক্লাব কার্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পটিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যান।
অভিযোগকারী নুর হোসেন দাবি করেন, এর আগেও কয়েকজন অভিযুক্ত প্রেস ক্লাব কার্যালয় দখলের চেষ্টা করেছিলেন। তবে প্রেস ক্লাবের সদস্যদের বাধার মুখে তারা সফল হতে পারেননি।
এ বিষয়ে পটিয়া থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
রাফিউল আকরাম আলভী/এসএন