ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে লক্ষ্মী রানী নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিক স্বপন অধিকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ভোর ৪টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামে চিত্ত রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
লক্ষ্মী রানী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তক্তার ঢালা গ্রামের রমেন সরকারের স্ত্রী।
প্রেমিক স্বপন অধিকারী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বংশীনগর হলুদিয়া গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গৃহবধূ লক্ষ্মী সঙ্গে স্বপন অধিকারীর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানে সোমবার রাত ৮টার দিকে প্রেমিক স্বপনের হাত ধরে পালিয়ে আসেন লক্ষ্মী। স্বপন তাকে নিয়ে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল এলাকায় তার মামা চিত্ত রায়ের বাড়িতে ওঠেন।
রাতে প্রেমিক স্বপনের সঙ্গে লক্ষ্মীর মনোমালিন্য সৃষ্টি হলে স্বপন কৌশলে তাকে মামার বাড়িতে রেখে চলে যান। পরে লক্ষ্মী কোনো উপায় না দেখে ঘরের আড়ার সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মঙ্গলবার দুপুরে ধামরাই থানা পুলিশ চিত্ত রায়ের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত স্বপন অধিকারীকে পাশের কেলিয়া গ্রামে তার বোনের বাড়ি থেকে আটক করে।
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করেছি। স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রুহুল আমিন/রিফাত/