রাজধানীর মোহাম্মদপুরে দিনের বেলায় প্রকাশ্যে নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।
নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ব্যাংকে জমা দেওয়ার জন্য সকাল ৯টায় অফিস থেকে টাকা নিয়ে বের হই। মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীরগতিতে চলতে থাকে। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী এসে আমাদের গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করেন। পরে তারা মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসেন। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করেন এবং আমাদের কোপ দেন। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেটে থাকা টাকাও নিয়ে চলে যান।’
তিনি আরও বলেন, ‘ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গেছে। তবে কত টাকা ছিনতাই হয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না।